আন্তর্জাতিক

ইবোলার নতুন দুই টিকা পরীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন

ইবোলার নতুন দুই টিকা পরীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় নতুন দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুন্দিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে বিশেষভাবে তৈরি করা হয়েছে টিকা দুটি। এ ভাইরাসে গত মে মাস থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল বুন্দিবুগিও ধরনের ভাইরাস মোকাবিলায় নতুন দুটি টিকার পরীক্ষার সুপারিশ করে। ডিআর কঙ্গোর ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চিকিৎসকেরা যখন হিমশিম খাচ্ছেন, তখন এ উদ্যোগ নেওয়া হলো।

টিকা ও নির্দিষ্ট চিকিৎসার অভাবে বুন্দিবুগিও ধরনের ইবোলা ভাইরাসে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। এর আগে গত মাসে এ ভাইরাসের বিরুদ্ধে একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। তবে সেটি ছিল এরভেবো নামের একটি টিকা, যা ইবোলা ভাইরাসের জায়ার ধরনের বিরুদ্ধে অনুমোদিত হলেও বুন্দিবুগিও ধরনের জন্য তৈরি নয়।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছেন, নতুন দুটি টিকা বিশেষভাবে বুন্দিবুগিও ধরনের ভাইরাস মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে এসব টিকার পরীক্ষার ফল পাওয়া যেতে পারে।

ডিআর কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল রিসার্চের নেতৃত্বে এ পরীক্ষা পরিচালিত হচ্ছে। এতে সহায়তা করছে ডব্লিউএইচও ও অন্যান্য সহযোগী সংস্থা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং মডার্নার যৌথ উদ্যোগে টিকাগুলো তৈরি করা হয়েছে।

তেদরোস বলেন, টিকা শক্তিশালী হাতিয়ার হলেও এখনই জীবন বাঁচাতে প্রমাণিত পদক্ষেপগুলোর বিকল্প নয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া, সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা, রোগীকে আলাদা রাখা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ দাফন এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোতে বুন্দিবুগিও ধরনের ইবোলায় এ পর্যন্ত ১০ হাজার ৪৪৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব।

এদিকে কেনিয়ায় এ ভাইরাসে নয়জন আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ায়ও একজনের সংক্রমণ নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

তেদরোস বিভিন্ন দেশের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা আক্রান্ত দেশগুলোকে শাস্তি দেওয়ার শামিল। এতে সংক্রমণের তথ্য স্বচ্ছভাবে প্রকাশে অনীহা তৈরি হতে পারে এবং ভাইরাস মোকাবিলার কার্যক্রম ব্যাহত হতে পারে। ডিআর কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত পেরিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা মোকাবিলায় প্রস্তুতি নিতে সহায়তা করছে ডব্লিউএইচও।

অন্যদিকে, ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত এক ব্রিটিশ স্বাস্থ্যকর্মীকে বিশেষ চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ওই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবারের মধ্যে তার যুক্তরাজ্যে পৌঁছানোর কথা রয়েছে। পরে তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হবে। তবে ইবোলা নিয়ে যুক্তরাজ্যের সাধারণ জনগণের ঝুঁকি কম বলে জানিয়েছে দেশটির সরকার।

বিষয়:ইবোলা ভাইরাস ইবোলার নতুন দুই টিকা পরীক্ষা অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…