কয়েকদিন আগে একটি শক্তিশালী ভূমিকম্পে সহস্রাধিক মানুষ নিহত হওয়ার পর এবার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে।
বিবিসি জানিয়েছে, আজ ১১ অক্টোবর বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই সর্বশেষ ভূমিকম্পটি আফগানিস্তানের হেরাত শহরে আঘাত হেনেছে।
নতুন এই ভূমিকম্পের প্রভাব এবং হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয় তবে গত শনিবার প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে স্থানীয় অনেকেই ইতিমধ্যে খোলা জায়গায় ঘুমাচ্ছেন। এখনও দেশটিতে কম্বল, খাবার ও অন্যান্য সামগ্রীরও ঘাটতি রয়েছে।
গত শনিবার সকালে আফগানিস্তানের হেরাত শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি গ্রামীণ জেলা জিন্দাজানে আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। এরপর ওই গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
হিন্দুকুশ পর্বতমালা এবং ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ার কারণে আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে।







