থাইল্যান্ডে ৪৪ শিক্ষার্থীসহ একটি স্কুল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদের মধ্য ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনায় কয়েকজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর বাকি ছয়জন শিক্ষক ছিলেন।
দেশটির প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা বলেছেন, সেখানে প্রাণহানি ঘটেছে এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবহনমন্ত্রী সুরিয়া জাংরুংগ্রেংকিট বলেছেন, নিহতের সংখ্যা স্পষ্ট নয় তবে অগ্নিকাণ্ডের পরে ২৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর তিনজন শিক্ষক এবং ১৬ জন শিক্ষার্থী বাস থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন।
স্থানীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে একজন উদ্ধারকর্মী বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় ধাক্কা খায়। বাসটি কমপ্রেস গ্যাসে চলছিল। যখন এটি রাস্তার বেড়ায় গিয়ে আঘাত হানে তখন এটিতে আগুন ধরে যায়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুন নেভানোর পর বাসটি ঠাণ্ডা হওয়ার জন্য তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপর তারা মরদেহ খোঁজার কাজ শুরু করেন।
থাইল্যান্ডে প্রায়ই বাস এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। অনিরাপদ এবং অনভিজ্ঞ চালকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। আর এসব দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান।







