নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে সোনালী ট্রফি হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ফাইনালে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, রেফারিং নিয়ে কোনো অভিযোগ নেই তার। স্কালোনির ভাষ্য, ‘রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে।’
ফাইনালে হারের হৃদয়ভাঙা ক্ষত নিয়ে জন্মশহর সান্তা ফে প্রদেশের পুজাতোয় ফিরেছেন লিওনেল স্কালোনি। সেখানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
রেফারিং নিয়ে প্রশ্নে স্কালোন বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে। সম্ভবত আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়েই। এটাই বাস্তবতা। কিন্তু কখনো কখনো এটা মেনে নেওয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। আমি মনে করি, এটা স্বীকার করতে পারলেই আমরা আরও ভালো দল হয়ে উঠব।’
শিরোপা হাতছাড়া হলেও স্কালোনি গর্ব প্রকাশ করছেন শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করা শিষ্যদের নিয়ে। বলেছেন, ‘ওরা ভালো ছিল, এটা সত্যি। কিন্তু আমার খেলোয়াড়েরা যা করেছে, তা নিয়ে আমি সব সময় গর্বিত থাকব। জিততে যেমন জানতে হয়, হারতেও তেমনি জানতে হয়। আমরা দেখিয়েছি, কীভাবে সম্মানের সঙ্গে হার মেনে নিতে হয়।’
ফাইনাল হারের পর ড্রেসিংরুমে দলের ভেতরের পরিবেশ কেমন ছিল এবং সেখানে কোনো কথা হয়েছিল কি না- এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘ফাইনালের পর কী কথা হয়েছে? আমি নয়, অধিনায়ক লিওনেল মেসিই কথা বলেছিল। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু সত্যি বলতে তেমন কিছু বলার ছিল না। দুঃখটাই তখন সবকিছু ছাপিয়ে গিয়েছিল।’







