পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাচ্ছেন নেইমার। সোমবার মেডিকেল টেস্টের জন্য সৌদিতে উড়াল দেবেন ব্রাজিলীয় তারকা। করবেন চুক্তিতে স্বাক্ষর। আল হিলালের সঙ্গে দুই বছর থাকবেন ৩১ বর্ষী ফরোয়ার্ড।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোমবার নেইমারের চুক্তি ঘিরে এসব খবর জানিয়েছেন। ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসজি থেকে নেইমারকে দলে টানছে সৌদি ক্লাবটি। আল হিলালের হয়ে ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন বার্সার সাবেক তারকা।
আলোচনায় ছিল আল হিলাল থেকে ধারে আবারও সাবেক ক্লাব বার্সায় যাবেন নেইমার। সেটি আর হচ্ছে না। নতুন চুক্তিতে আল হিলালের হয়েই খেলবেন তিনি। ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার।
ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় গত মার্চ থেকে পিএসজি স্কোয়াডের বাইরে। এরমধ্যে লিগামেন্টের চোটের অস্ত্রোপচার হয়েছে তার।
চলতি মৌসুম শুরুর আগে পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস ও কোচ লুইস এনরিকে নেইমারকে জানিয়ে দিয়েছিলেন— তাদের ২০২৩–২৪ মৌসুমের পরিকল্পনা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাদ দিয়েছেন। নেইমার এ মৌসুমে ক্লাব ছেড়ে গেলে ফ্রান্সে ছয় বছরের সম্পর্কের শেষ হবে। এই সময়ে ১৭৩ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন তিনি।







