স্থানীয় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের যুক্ত করতে চান ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রস্তাবের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’-এর বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের মেধা ও নতুন ধারণাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার সমাধানের পাশাপাশি রাষ্ট্রীয় নীতিনির্ধারণেও তাদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের এমন সমস্যা চিহ্নিত করতে হবে, যেগুলোর বাস্তবসম্মত ও কার্যকর সমাধান তারা নিজেরাই প্রস্তাব করতে পারবে।
সমস্যা চিহ্নিত করতে মাঠপর্যায়ে জরিপ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন ও নির্ভরযোগ্য গবেষণার পাশাপাশি প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুল ব্যবহারের পরামর্শ দেন তিনি।
সমাধান প্রস্তাবের ক্ষেত্রে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি ভালো সমাধান শুধু কাগজে-কলমে আকর্ষণীয় হলেই হবে না। বাস্তবে তা কার্যকর করা সম্ভব কি না এবং কী পরিমাণ জনবল বা অর্থের প্রয়োজন হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ দিয়ে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে সাময়িক উদ্যোগের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ জানান, এতে ঢাকা-১৩ আসনের ১২৪টি দল অংশ নিয়েছে। দলগুলোর লিখিত প্রতিবেদন বিচারক প্যানেল মূল্যায়ন করবেন। সেখান থেকে সেরা পাঁচটি দল পাওয়ারপয়েন্ট উপস্থাপনার সুযোগ পাবে। চূড়ান্তভাবে নির্বাচিত সেরা তিনটি দল তাদের প্রস্তাব বাস্তবায়নে সংসদ সদস্যের কার্যালয় এবং শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করতে পারবে।
তিনি বলেন, ‘আমরা পুরো দেশকে দেখাতে চাই, ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তাদের হাত ধরেই দেশ পরিবর্তনের সূচনা হতে পারে।’
কর্মশালায় প্রতিযোগিতার বিচারক, আয়োজক দলের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





