স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আবদুস ছাত্তার শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পরও তাদের সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত।
এরই জেরে ২০২৩ সালের ৭ মার্চ রাতে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পান্না বিবির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত পান্না বিবির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে পরদিন আক্কেলপুর থানায় সিরাজুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।






