সাতক্ষীরা নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

সাতক্ষীরায় নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত, স্থানীয় মানুষ পানি থেকে জীবন রক্ষা করতে চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর প্রায় ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলের তিনটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিতে ডুবে গেছে সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেপোতা, রাজনগর, শিবনগর, এগারোআনি এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা, রথখোলা, কাপাসডাঙ্গা ও হরিন খোলার নিম্নাঞ্চল।
এছাড়া গত তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার পৌর এলাকার গদাইবিল, কামালনগর, ইটাগাছা, পলাশপোল, মধুমোল্লারডাঙ্গী, রাজার বাগান, মুন্সীপাড়া, রথখোলা, কাটিয়া, সুলতানপুর, বাঁকাল, খড়িবিলা, বদ্দিপুর কলোনীসহ পৌরসভার বিভিন্ন স্থানের নিম্নাঞ্চল।
বেড়িবাঁধ ভেঙে ও টানা বৃষ্টিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমিসহ নিম্নাঞ্চলের বিস্তির্ণ এলাকা। বেড়িবাধ ভাঙন কবলিত এলাকায় সড়কের উপর জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে স্থানীয়দের। এদিকে, বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষগুলো।
পানিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারেনি। এদিকে, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে রয়েছেন উপকূলবাসী।





