ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনায় মেতেছে দেশের ক্রীড়াপ্রেমীরা। সেই উন্মাদনায় এবার যুক্ত হচ্ছে সংগীতের বাড়তি রং। ফাইনাল ম্যাচ উপলক্ষে আজ (রোববার) রাতে রাজধানী বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ লাইভ স্ক্রিনিং ও কনসার্ট, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং সংগীতশিল্পী প্রীতম হাসান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও সংগীত পরিবেশন করেন তিনি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই শিল্পী।
ইতোমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সঞ্জয় দেব। কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “ফিফা বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আরও কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেছি। এবার ঢাকায় গাইতে এসেছি, যেখান থেকে আমার পথচলার শুরু। এই আয়োজন নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
জানা গেছে, ঢাকার কনসার্টে সঞ্জয় দেবের সঙ্গে আরও পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাবেন। সেখানে সান ফ্রান্সিসকোতে নির্ধারিত আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ শীর্ষক আরেকটি বিশেষ অনুষ্ঠান। বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে সংগীতানুষ্ঠান।
এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন সংগীতশিল্পী প্রীতম হাসান। তার সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ জুলাই রাত থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে বিশ্বকাপ ফাইনাল ঘিরে এই বিশেষ আয়োজন।
ফুটবলের মহারণ আর সংগীতের উচ্ছ্বাস-দুইয়ের সমন্বয়ে বিশ্বকাপ ফাইনালের রাতকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত রাজধানী ঢাকা।









