‘রামায়ণ-এর দৃশ্য অনলাইনে ছড়ালে আইনি ব্যবস্থা, নির্মাতাদের কঠোর হুঁশিয়ারি

প্রেক্ষাগৃহে প্রদর্শিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমার দৃশ্য ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতারা। অনুমতি ছাড়া চলচ্চিত্রের কোনো অংশ ধারণ, প্রকাশ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার সিনেমাটির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক আইনি নোটিশে এ সতর্কবার্তা দেওয়া হয়। নির্মাতাদের দাবি, প্রেক্ষাগৃহে সিনেমার বিভিন্ন অংশ ভিডিও ধারণ করে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার ঘটনা তাদের নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড কপিরাইট আইনের লঙ্ঘন এবং এর জন্য ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।
নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ভারতের ১৯৫৭ সালের কপিরাইট আইন, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইন, ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এসব আইনে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী আদালত অবমাননার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।
ইতিমধ্যে যারা সিনেমার দৃশ্য ধারণ করে অনলাইনে প্রকাশ করেছেন, তাদের অবিলম্বে সেসব ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্মাতারা। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যে অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাদের কাছে অভিযোগ জানানো হবে বলেও সতর্ক করা হয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আগাম কোনো নোটিশ ছাড়াই ফৌজদারি ও দেওয়ানি মামলা করা যেতে পারে। প্রয়োজনে আদালত অবমাননার অভিযোগও আনা হবে।
দুই পর্বে নির্মিত ‘রামায়ণ’ এর প্রথম পর্ব ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়া






