অন্যান্য

সামিনা আক্তারের প্রামাণ্যচিত্রে যৌতুকের নির্মমতা

সামিনা আক্তারের প্রামাণ্যচিত্রে যৌতুকের নির্মমতা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কাজে লাগিয়ে, মানুষের পরিচালনায় নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম এআই-পাওয়ার্ড, হিউম্যান-ডিরেক্টেড ডকুমেন্টারি ফিল্ম ‘HER PRICE | তার দাম’।

সামিনা আক্তার পরিচালিত প্রামাণ্যচিত্রটি ইউটিউবে প্রথম মুক্তি পেয়েছে ২৯ অক্টোবর, পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত হয়েছে বাংলা মূল সংস্করণ যার দৈর্ঘ্য ২ মিনিট ৩৯ সেকেন্ড, এবং ইংরেজি তথ্য সংশোধিত নতুন সংস্করণ ২ মিনিট ৩২ সেকেন্ড।

ছবিটির প্রথম সংস্করণ ২৯ অক্টোবর ২০২৬ ইউটিউবে প্রকাশিত হয় এবং সেটি অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে প্রকাশের তারিখ যে কেউ ইউটিউবেই মিলিয়ে দেখতে পারেন।

সামিনা আক্তার জানান, ছবিটি নির্মিত হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে। এতে দেখানো হয়েছে যৌতুককে ঘিরে পারিবারিক সহিংসতার একটি ঘটনা, যা অক্টোবরে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

সামিনা আক্তার বলেন, ‘জন-সচেতনতা তৈরির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এতে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি, কারও পরিচয়ও প্রকাশ করা হয়নি।’

তিনি জানান, ছবির প্রতিটি দৃশ্য ও কণ্ঠ তৈরি হয়েছে এআই দিয়ে। অন্যদিকে গবেষণা, সূত্র যাচাই, চিত্রনাট্য রচনা, দৃশ্যক্রম নির্ধারণ, পরিচালনা ও সম্পাদনা— এই পুরো সিদ্ধান্তপ্রক্রিয়া মানুষের। ‘হিউম্যান-ডিরেক্টেড’ বলতে এটাই বোঝানো হচ্ছে: নির্মাণের কাজটি যন্ত্রের, কিন্তু কী নির্মিত হবে আর কী হবে না, তার দায় সম্পূর্ণ মানুষের। ছবিতে ব্যবহৃত প্রতিটি তথ্যের সূত্র ও যাচাইয়ের বিবরণ ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ স্বাধীনভাবে মিলিয়ে দেখতে পারেন।

নির্মাতা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও দেশে এখন আর নতুন নয়। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিনির্ভর নির্মাণে এর ব্যবহার গত দুই বছরে দ্রুত বেড়েছে। তবে এসব ধরনে কল্পনার স্বাধীনতা থাকে, তথ্য প্রমাণের দায় তুলনামূলক কম। তবে প্রামাণ্যচিত্র সম্পূর্ণ আলাদা। সেখানে প্রতিটি তথ্যের সূত্র দেখাতে হয়, আর দর্শক ধরে নেন যা দেখছেন তা সত্য। সামাজিক ইস্যু নিয়ে সচেতনতামূলক নির্মাণে দায়িত্ব আরও বাড়ে, কারণ সেখানে ভুক্তভোগী বাস্তব মানুষ।

সামিনা আক্তার আরও জানান, আমাদের সমাজে ঘরোয়া সহিংসতা বা শিশু নির্যাতনের ঘটনা ঘটে বন্ধ দরজার আড়ালে; বহু পুরোনো ঘটনার কোনো ধারণকৃত নথি অবশিষ্ট থাকে না। আর যেসব ঘটনায় আইন অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে হয়, সেখানে ফুটেজ থাকলেও তা ব্যবহার করা যায় না। এতদিন এ ধরনের বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ আটকে যেত ঠিক এখানেই— বলার মতো বিষয় থাকলেও দেখানোর মতো কিছু থাকত না। এই ধারায় সেই দৃশ্যগুলো প্রতীকীভাবে নির্মাণ করা সম্ভব, কোনো বাস্তব ব্যক্তিকে শনাক্তযোগ্য না করেই। যে কারণে কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে পুরো ঘটনা প্রকাশ করা সহজ।

নির্মাতা মনে করেন, এই প্রযুক্তি দেশের জন্য একটি বড় সুযোগ, যা এখনো প্রায় অব্যবহৃত। তিনি বলেন, “প্রযুক্তিটা এখন আমাদের হাতের নাগালে। প্রশ্ন হলো, আমরা এটা দিয়ে কী বানাব? নৈতিকতা বজায় রেখে, সত্য ঘটনার ভিত্তিতে সচেতনতামূলক কাজ এ দেশে আরও অনেক বেশি হওয়া দরকার। আমি নিজেও আরও বানাতে চাই।”

উল্লেখ্য, সামিনা আক্তার একজন উদ্যোক্তা, এআই ফিল্মমেকার ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট; মুগলি ডিজিটালের সহ-প্রতিষ্ঠাতা। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে সত্য ঘটনানির্ভর ধারাবাহিক নির্মাণ-পরিকল্পনার এটিই প্রথম কাজ। আগামীতে এ ধরনের কাজ নিয়মিত করবেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…