চলে গেলেন কিংবদন্তী অভিনেতা সমীর খাখর। তিনি দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ‘নুক্কাদ’-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
জানা গেছে, বেশকিছু ধরে শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর খাখর। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (১৫ মার্চ) ভোর ৪.৩০ টায় তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অভিনেতার ভাই গণেশ খাখর এই খবর নিশ্চিত করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে গণেশ খাখর জানিয়েছেন, ‘শ্বাসকষ্টে ভুগছিলেন সমীর। সেইসময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে ডেকেছিলাম বাড়িতে। তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তার হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। ভেন্টিলেটরে রাখা হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।’
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টা নাগাদ বোরিভালির বাভাই নাকা শ্মশানে সমীরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে।
সমীর খাখর টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দীর্ঘ সময়। তাকে ‘নুক্কাদ’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাদ’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’ এর মতো শোতে দেখা গিয়েছে। এছাড়াও সর্বশেষ তাকে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ ও ‘ফারজি’র মতো সিরিজে। কিংবদন্তী এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








