ঈদুল আজহার ছুটি শেষে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরতগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ ৩১ মে শনিবার বিক্রি হবে আগামী ১০ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অপরদিকে, পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের ঈদ-পরবর্তী বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৯ জুনের টিকিট ৩০ মে বিক্রি হয়েছে। আগামী ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।
ঈদের পরে সাতদিনের জন্য বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি চলছে। এই সময়ে কেনা টিকিট রিফান্ডযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে কিনতে পারবেন।
একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।










