আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবারও অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের ২৫ মের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিনের পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ২৬ মের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মের টিকিট পাওয়া যাবে ১৭ মে। সম্ভাব্য ২৮ মে ঈদুল আজহা ধরে ধাপে ধাপে এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে ঈদ উপলক্ষে বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৪ মের টিকিট বিক্রি হয়েছে ১৪ মে, ২৫ মের টিকিট আজ ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মের টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না। এদিকে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
তবে এই সুবিধা বিরতিহীন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকিট বিক্রির সময়সূচি পরে ঘোষণা করা হবে।








