পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ২৪ মে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
আজ (১৪ মে) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে গত ১৩ মে ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট, ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি করা হবে ২৭ মের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না। এদিকে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরা হলেও, পরিস্থিতি অনুযায়ী ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।







