মুক্তির দিনে কতো আয় করলো ৩০০ কোটির ‘জেলার ২’?

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রজনীকান্তের ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি!
এর মধ্য দিয়ে রজনীকান্ত অভিনীত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয়ের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এটি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের আয়ের হিসাবে ‘জেলার ২’-এর সামনে রয়েছে শুধু গত বছরের সিনেমা ‘কুলি’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছিল প্রায় ১৫০ কোটি রুপি।
পরিচালক নেলসনের নির্মাণে ‘জেলার ২’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছ থেকেও মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। বিশেষ করে প্রথমার্ধের প্রশংসা করেছেন অনেকে।
কারও কারও মতে, সিনেমার প্রথমার্ধ আগের পর্ব ‘জেলার’-কেও ছাড়িয়ে গেছে। তবে দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য নিয়ে সমালোচনা করেছেন অনেকে।
সিনেমাটির প্রথমার্ধের প্রশংসার পেছনে পরিচালক নেলসনের নতুন চরিত্রগুলোকে গল্পের সঙ্গে যুক্ত করার দক্ষতার কথা উল্লেখ করেছেন দর্শক-সমালোচকেরা। বিশেষ করে নামো নারায়ণনের মূর্তি চরিত্রটি নজর কেড়েছে।
‘জেলার ২’-এ নতুন করে যুক্ত হয়েছেন সূরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালান, হৃতিক রোশান, এস জে সূর্য, বিজয় সেতুপতি, জ্যাকি শ্রফ, মিথুন চক্রবর্তী, অপেক্ষা পোড়ওয়াল ও হাকিম শাহসহ অনেকে। আগের পর্ব থেকে ফিরেছেন রম্যা কৃষ্ণন, মির্না, যোগী বাবু, বিনায়কন, শিবরাজকুমার, জাফর সাদিক ও মোহনলাল।
সিনেমার গল্পে রজনীকান্তকে দেখা গেছে সাবেক কারারক্ষী টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে। কেরালা ও তামিলনাড়ুর সীমান্তবর্তী এলাকায় একটি সুপারমার্কেটে শান্ত জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু পুরোনো এক শত্রুর আবির্ভাবে বদলে যায় সবকিছু। পরিবার ও নিজের উত্তরাধিকার রক্ষায় আবারও পুরোনো আগ্রাসী রূপে ফিরতে বাধ্য হন মুথুভেল।
কালানিথি মারানের প্রযোজনায় সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে ‘জেলার ২’। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ, চিত্রগ্রহণে ছিলেন বিজয় কার্তিক কান্নান এবং সম্পাদনায় আর নির্মল। টেলিগ্রাফইন্ডিয়া






