বিনোদন

অপুর সঙ্গে আদনান, দেড় যুগ পর ফিরছে ‘পাষাণের প্রেম’ জুটি!

অপুর সঙ্গে আদনান, দেড় যুগ পর ফিরছে ‘পাষাণের প্রেম’ জুটি!

প্রায় দেড় যুগ পর আবারও একসঙ্গে দেখা গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া নায়ক আদনান আজাদকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই জুটির নতুন ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

রোমান্টিক মেজাজের ছবিগুলো দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। সেই সঙ্গে পুরোনো এই জুটিকে আবারও পর্দায় দেখার আগ্রহও প্রকাশ করে মন্তব্য করছেন তারা।

১৮ বছর আগে প্রয়াত বরেণ্য নির্মাতা ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় আদনান আজাদের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে জুটিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। ওই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আদনানের।

দীর্ঘ বিরতির পর এবার নতুন করে একসঙ্গে কাজ করার পরিকল্পনার কথা জানালেন অপু বিশ্বাস।

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে অপু জানান, আগামীতে তারা নতুন সিনেমা করার পরিকল্পনা করছেন।

অপু বলেন, সম্প্রতি কাজের প্রয়োজনে বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি ইতিবাচক সাড়া দেখতে পাচ্ছি।

অপু বিশ্বাস বলেন, ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো রেসপন্স পেয়েছি। হয়তো সামনে আরও ভালো রেসপন্স আসবে।

আদনান আজাদ আবারও সিনেমায় কাজ করতে চান জানিয়ে অপু বলেন, আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্ল্যান। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।

এ নিয়ে কথাবার্তা চলছে। অপু জানান, শিগগিরই আবারও দেখা হওয়ার কথা রয়েছে। তখন সিনেমা নিয়ে আলোচনা আরও ফলপ্রসূ হতে পারে।

এদিকে, আদনান আজাদও সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে সাতটি রোমান্টিক মেজাজের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

অন্যদিকে, মাহফুজ কাদরীর স্টাইলিংয়ে তোলা একই ফটোশুটের ছবি প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন, আমাদের এই সুন্দর বাস্তবতায় পৌঁছানোর পেছনে রয়েছে অসংখ্য ছোট ছোট মুহূর্তের গল্প। ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া। তাদের একসঙ্গে দেখতে ভালো লাগার কথা জানিয়ে অনেকেই প্রশংসা করছেন ছবির রোমান্টিক আবহ ও দুজনের উপস্থিতির। কেউ কেউ আবার পুরোনো এই জুটির নতুন সিনেমার অপেক্ষায় থাকার কথাও জানাচ্ছেন। ফলে ফটোশুটের ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে নতুন করে আলোচনার আবহ।

একসময় মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন আদনান আজাদ। দেশের একাধিক পরিচিত পণ্যের বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ১৮ বছরের বিরতির পর অপু বিশ্বাস ও আদনান আজাদ সত্যিই নতুন সিনেমায় জুটি বাঁধেন কি না, এখন সেই অপেক্ষা সিনেমাপ্রেমীদের।

বিষয়:অপু বিশ্বাস আদনান আজাদ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…