প্যারিস অলিম্পিকে ষষ্ঠ দিনে সেইলিংয়ে ছেলেদের স্কিফ ফাইনাল গড়িয়েছিল বাংলাদেশ সময় সন্ধ্যায়। তবে পর্যাপ্ত বাতাস না থাকায় রেস চলাকালীন স্থগিত করা হয়েছে। পাশাপাশি মেয়েদের ইভেন্টও স্থগিত করা হয়েছে। ছেলেদের ইভেন্টের পরে গড়ানোর কথা ছিল মেয়েদেরটা।
প্রতিযোগিতাটি মূলত পালতোলা ছোট ডিঙ্গি দিয়ে হয়ে থাকে। ছেলেদের ফাইনালে ১০ জন প্রতিযোগী অংশ নেন। রেস গড়ালে যখন দেখা যায় ১০টি পাল তোলা নৌকা চলার মতো বাতাস নেই, তখন পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে গড়ানোর কথা ছিল মেয়েদের ইভেন্টটি। সেটিও স্থগিত করা হয়েছে। পরে মেয়েদের ইভেন্ট কখন শুরু হবে তা জানানো হয়নি।








