চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের অবস্থান ১৩তে। গ্রুপপর্বের শেষ ম্যাচ জিতলে বা হারলেও দুই লেগের প্লে-অফ খেলতে হবে। শেষ ম্যাচে বোলোগনার বিপক্ষে হারায় দলটির কোচ নূরী সাহিনের উপর আর আস্থা রাখতে পারছে না ক্লাবটি। বরখাস্ত করা হয়েছে টার্কিশ কোচকে।
নূরীর অধীনে খেলতে থাকা দলটির বুন্দেসলিগায় বর্তমান অবস্থান ১০এ। ডিএফবি পোকাল বা জার্মান কাপে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছে। সবকিছুর বিবেচনায় এমন সিদ্ধান্ত বলছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লার্স রিকেন।
‘আমরা নূরী সাহিন এবং তার কাজের মূল্যায়ন করার চেষ্টা করেছি। শেষ করার আগপর্যন্ত আশা করেছিলাম তার সাথে দীর্ঘসময় কাজ করতে পারব। আশা ছিল একসাথে আমরা ঘুরে দাঁড়াতেও পারব।’
‘টানা চার ম্যাচে হার, নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ে টেবিলের দশে আছি। দুর্ভাগ্যবশত আমরা তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছি বর্তমান অবস্থার প্রেক্ষিতে। এ সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আমাকে মর্মাহত করেছে, কিন্তু বোলোগনার বিপক্ষে হারের পর এটা এড়ানো অসম্ভব হয়ে পড়েছে।’
ইতালিয়ান ক্লাব বোলোগনার মাঠে প্রথমে এগিয়ে গিয়েও ৭১ ও ৭২ মিনিটের দুই গোলে এলোমেলো হয়েছে ডর্টমুন্ডের রক্ষণ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি দলটি, হারে ২-১ ব্যবধানে।







