কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি হামিদ হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন পুলিশ।
আজ ১১ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদ হোসেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদ হোসেনের পাহাড়ি এলাকায় অবস্থানের খবর পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএনের একটি টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
পরে তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করে পুলিশ। যাচাইয়ে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, জিআর-৫২৭/২১ নম্বর মামলাটি টেকনাফ মডেল থানায় ২০২১ সালের ৩ জুলাই দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৬৩ ও ৩৮৫ ধারায় অভিযোগ রয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








