নতুন মৌলিক গান ‘বোকা মানুষ’ প্রকাশ করলেন সংগীতশিল্পী এস আই সুমন। গানটির কথা, সুর, সংগীতায়োজন থেকে শুরু করে অ্যানিমেশন ভিডিও ও সম্পাদনার কাজও করেছেন তিনি নিজেই।
১৬ জুন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া থেকে একটি ফেসবুক লাইভের মাধ্যমে গানটি উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীর বন্ধু ও পৃষ্ঠপোষক মোহাম্মদ জামান ও হেলাল চৌধুরী।
শিল্পী জানান, গানটি নিঃসঙ্গতা ও আত্মমূল্যায়নের সংবেদনশীল প্রতিচ্ছবি। এটি এখন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
১৯৯১ সাল থেকে সংগীতের সঙ্গে যুক্ত এস আই সুমন মূলত ইংরেজি গান দিয়ে পরিচিত। একাধারে গায়ক, গীতিকার, সুরকার, গিটারিস্ট, কম্পোজার ও ভিডিও নির্মাতা তিনি। পারিবারিকভাবে শাস্ত্রীয় সংগীতের শিকড়ে বেড়ে উঠলেও তার ঝোঁক ছিল রক ও হেভিমেটাল ধারার দিকে।
প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অনীহা ও কপিরাইট জটিলতা এড়িয়ে তিনি নিজের চ্যানেল থেকে গান প্রকাশ করেন। সামনে আরও দুটি গান ও একটি বিশেষ প্রজেক্ট নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার।








