বিনোদন

‘পরিবারের সবাইকে নিয়ে ক্যাফে আমব্রেলা দেখুন’

‘ক্যাফে আমব্রেলা’র প্রিমিয়ারে বললেন শিহাব শাহীন

‘পরিবারের সবাইকে নিয়ে ক্যাফে আমব্রেলা দেখুন’

চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা সমীকরণ নিয়ে নির্মিত শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সেখানে পরিচালক শিহাব শাহীন, অভিনেতা পার্থ শেখ, আরেফিন জিলানী ছাড়াও লাক্সের তিন প্রতিযোগী উপস্থিত ছিলেন।

ভালোবাসার গল্পে থাকে মিষ্টি মুহূর্ত, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি আর আবেগের নানা রং। সম্পর্কের এমনই বিচিত্র সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং লাক্সের আয়োজনে নির্মিত ‘ক্যাফে আমব্রেলা’য় উঠে এসেছে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। আলাদা গল্পগুলো একপর্যায়ে যুক্ত হবে একটি অভিন্ন বয়ানে।

ওয়েব ফিল্মটির অন্যতম আকর্ষণ ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের অভিনয়ে অভিষেক। বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাযাহ নাওয়ারের সঙ্গে রয়েছেন পার্থ শেখ এবং আমিনা ইসলামের বিপরীতে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য একটি জুটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাবেরী আলম ও শিরিন আলমসহ আরও অনেকে।

নতুন অভিনয়শিল্পীদের প্রস্তুত করতে শুটিংয়ের আগে বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেন নির্মাতা শিহাব শাহীন। প্রিমিয়ারে তিনি বলেন, লাক্সের এই তিনজনকে নিয়ে কাজটি বানানোর কিছুটা চ্যালেঞ্জ ছিল। আমি চাই মেয়েদেরকে যদি দর্শক পছন্দ করে তাহলে আমি সাকসেস। অবশ্যই একটি কথা বলতে চাই ‘ক্যাফে আমব্রেলা’ সবাই পরিবার নিয়ে উপভোগ করবেন।

নতুনদের সঙ্গে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি এই আয়োজন দর্শকদের সামনে সম্পর্ক ও ভালোবাসার পরিচিত অনুভূতিগুলোকে তুলে ধরবে নতুন আঙ্গিকে।

‘ক্যাফে আমব্রেলা’ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, বহু চরিত্রের সমান্তরাল গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্কের নানা দিক গুরুত্ব পেয়েছে। গল্পের ভিন্নতা এবং অভিনয়শিল্পীদের পারস্পরিক রসায়ন দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে তাঁর প্রত্যাশা।

নতুন তিন অভিনয়শিল্পীর অভিষেক, চার জুটির গল্প এবং শিহাব শাহীনের নির্মাণশৈলীসব মিলিয়ে ‘লাক্স প্রেজেন্টস ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

বিষয়:ক্যাফে আমব্রেলা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…