ভারতের পেসার মোহাম্মাদ সিরাজকে সিংহের সাথে তুলনা করেছেন দলটির সহকারী কোচ রায়ান টেন ডয়েসকাট। ডাচ সাবেক অলরাউন্ডার দলের প্রতি প্রতিশ্রুতির জন্য ৩১ বর্ষী সিরাজের প্রশংসায় মাতেন।
নিজেকে নিয়ে কাজ করার আগ্রহ ও বোলিং উন্নতির জন্য প্রয়াসের জন্য কোচ তুলনা করেছেন সিংহের মনোভাবের সাথে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ফিটনেস ধরে রাখার জন্য সিরাজ যেভাবে কাজ করে চলেছেন, সেটিরও প্রশংসায় মেতেছেন কোচ।
কোচ বিশ্বাস করেন সিরাজের ইনিংস অনুসারে উইকেট প্রাপ্তির ভারসাম্য থাকলেও চেষ্টায় কমতি নেই। তার এমন রক্ষণশীল মনোভাব দলের বোলিংকে আরও শক্তিশালী করেছে।
ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের তিন ম্যাচেই ধারাবাহিক ভালো বোলিং করেছে সিরাজ। ইংল্যান্ডের মাটিতে ৩ টেস্টের ৬ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন। লর্ডসে শেষ রোমাঞ্চকর টেস্টে হেরে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে আছে।
বার্মিহ্যামে দ্বিতীয় টেস্টে এ সংস্করণে নিজের দ্বিতীয় ক্যারিয়ারসেরা বোলিং করেন সিরাজ। ৭০ রানে ৬ উইকেট তুলে নেন তারকা পেসার। আগে কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ ওভার বল করে ১৫ রানে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। তার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে যায় আফ্রিকা।
ভারত ২০২৩ থেকে লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে ও বাইরে খেলেছে ২৭টি ম্যাচ। যার মধ্যে ২৪টি টেস্টে খেলেছেন সিরাজ, বল করেছেন ৫৬৯ ওভার।







