আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত ‘রাশিয়ার গুগল’, ব্যাহত ডিজিটাল সেবা

ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত ‘রাশিয়ার গুগল’, ব্যাহত ডিজিটাল সেবা

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার শীর্ষ তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ইয়ানডেক্সের ডেটা সেন্টারে ইউক্রেনের হামলায় দেশটির ডিজিটাল অর্থনীতি ও নাগরিক জীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের হামলায় ইয়ানডেক্সের পাঁচটি প্রধান ডেটা সেন্টারের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাশিয়ার পাশাপাশি প্রতিবেশী কাজাখস্তান ও বেলারুশেও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন, রাইড শেয়ারিং, খাবার সরবরাহ, ডিজিটাল মানচিত্র ও অনলাইন পেমেন্ট।

কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনীয় ডেটা সেন্টারে রাশিয়ার হামলার জবাবেই তারা এই আক্রমণ চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের হামলাকে ক্রেমলিনের ওপর ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ডিজিটাল বিপর্যয়ের কারণে সাধারণ নাগরিক ও ট্যাক্সি চালকেরা রাইড বুকিং ও উপার্জিত অর্থ উত্তোলনে সমস্যায় পড়েছেন। এমনকি মস্কোর বাসিন্দা তাতিয়ানা ইয়ানডেক্স পে অ্যাকাউন্টে জমা রাখা ১৫ লাখ রুবেল দেখতে না পেয়ে আতঙ্কে পড়েন। তবে ইয়ানডেক্স কর্তৃপক্ষ এবং এর ফিনটেক বিভাগের প্রধান ডিমা পিরোগোভ এক বিবৃতিতে গ্রাহকদের অর্থ সুরক্ষিত আছে এবং পরিষেবা পুনরুদ্ধারের কাজ চলছে বলে আশ্বাস দিয়েছেন।

ইয়ানডেক্স ছাড়াও সারাতোভ অঞ্চলের বালাকভোতে রাশিয়ার বৃহত্তম ব্যাংক স্পারব্যাংকের ডেটা সেন্টার এবং তেল শোধনাগার ও অনলাইন রিটেইলার ওয়াইল্ডবেরিজ ও ওজোনের গুদামেও ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে জ্বালানি অবকাঠামোতে হামলা সীমিত করলেও ইউক্রেন স্পষ্ট বার্তা দিয়েছে যে রাশিয়ার ভেতরের ডিজিটাল ও অর্থনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করার ক্ষমতা তাদের রয়েছে।

বিষয়:ইউক্রেন ইয়ানডেক্স রাশিয়া রাশিয়ার গুগল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…