কর্পোরেট নিউজ

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

ছবি: সংগৃহীত

দেশের প্রবীণ ব্যবসায়ী ও এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর।

এমজিএইচ গ্রুপ এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য জানিয়েছে।

সোমবার বাদ মাগরিব রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৪ সালে জন্ম নেওয়া এম গাজিউল হক বাংলাদেশের ব্যবসা ও নৌপরিবহন খাতের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতার আগে ট্রেডিং ও শিপিং খাতে কর্মজীবন শুরু করেন তিনি। পরে দেশের শিপিং অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চট্টগ্রাম সরকারি কলেজে পড়াশোনা শেষ করে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন গাজিউল হক। একই বছর ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু করেন। ধাপে ধাপে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে উঠে ১৯৭৬ সালে ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। সে সময় প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে পরিচালিত হতো।

১৯৮০ সালে ওই প্রতিষ্ঠান ছেড়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন গাজিউল হক। চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি অ্যাকুয়ামারিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেন তিনি।

প্রায় এক দশক পর অংশীদারের সঙ্গে মিলে ডেনমার্কের কোপেনহেগেনভিত্তিক শিপিং প্রতিষ্ঠান মেয়ার্স্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মেয়ার্স্ক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে বিশ্বের অন্যতম বড় শিপিং কোম্পানির আনুষ্ঠানিক স্থানীয় অংশীদারত্ব প্রতিষ্ঠায় তিনি অন্যতম পথিকৃৎ ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে শিপিং ও ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের পাশাপাশি আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব ও যৌথ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন গাজিউল হক।

দেশের বেসরকারি ব্যাংকিং খাতেও তার ভূমিকা ছিল। ১৯৯৩ সালে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন তিনি। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দুই মেয়াদে পালন করেন গাজিউল হক। প্রথমবার ২০০০ থেকে ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন।

এম গাজিউল হকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এমজিএইচ গ্রুপের পথচলা। ১৯৯২ সালে তার ছেলে আনিস আহমেদ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বাবার নামের আদ্যক্ষর থেকে ‘এমজিএইচ’ নামটি নেওয়া হয়।

বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে এমজিএইচ গ্রুপ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক গোষ্ঠীতে পরিণত হয়। বর্তমানে ২৬টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে এবং এতে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ কাজ করছেন।

লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থ ও বিমা খাতে ব্যবসা রয়েছে এমজিএইচ গ্রুপের। শিপিং ও লজিস্টিকস দিয়ে শুরু করে বিভিন্ন খাতে গ্রুপটির বিস্তারের সময়ও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন গাজিউল হক।

দীর্ঘ ব্যবসায়িক জীবনে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এই ব্যবসায়ী। তার মৃত্যুতে দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতে দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায়ের অবসান হলো।

বিষয়:এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান প্রবীণ ব্যবসায়ী এম গাজিউল হক মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…