ফুটবল

বদলি খেলোয়াড়দের কল্যাণে জিতল রাশিয়া

বাংলাদেশ-নেপাল মহিলা ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও নেপাল মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অচেনা এক নেপালকেই যেন দেখল রাশিয়া। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হার দিয়ে নেপালি মেয়েরা শুরু করে আসর। ভুটানকে ধরাশায়ী করলেও শক্তিশালী রাশিয়ার বিপক্ষে হিমালয়ের দেশটির কুপোকাতই হওয়ার কথা। অথচ স্কোরলাইন বলছে, তাদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রুশ কন্যারা।

মেয়েদের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের চলতি আসরে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাশিয়া। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় স্বাগতিকরা তিনে অবস্থান করছে। একটিতে জিতে ৩ পয়েন্ট পাওয়া নেপাল চার নম্বরে আছে। চার ম্যাচের সবকটিতে হারের মুখ দেখে তলানিতে থাকা ভুটানের পয়েন্টের খাতা শুন্য।

রোববার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটির প্রথমার্ধ বিস্ময়করভাবে ছিল গোলশূন্য। সাফে প্রথমবার খেলতে আসা রাশিয়া শুরুর একাদশে আট পরিবর্তন নিয়ে মাঠে নামার সুফলটা সেভাবে পায়নি।

শুরুর দিকে রাশিয়ার সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দেয় নেপাল। ১৫ মিনিটের মাথায় দারুণ সুযোগ পায় রুশরা। ভাসিলিসা আভদিয়েনকোর লম্বা পাসে হেড নিলেও তা অল্পের জন্য জালে ঢুকাতে পারেননি আনাস্তাসিয়া চেরনৌসোভা। ছয় মিনিট পর ভাসিলিসার কিক বাইরের জালে লাগে।

প্রথমার্ধে রাশিয়া একচেটিয়া প্রাধান্য বিস্তার করলেও নেপালের রক্ষণ দুর্গ তাদের ভাঙা সম্ভব হয়নি। নেপালি গোলরক্ষক সুজাতা তামাং পোস্টের সামনে দৃঢ়তা দেখিয়ে যান।

বিরতির পর ৪৭ মিনিটে সোফিয়া গোলোকিনা নিশানাভেদ করলেও বেজে ওঠে অফসাইডের বাঁশি। ডেডলক ভাঙতে তাই হয় আরও বিলম্ব।

৬০ মিনিটে রাশিয়া সুবর্ণ সুযোগ নষ্ট করে। ভাসিলিসার লম্বা ক্রসে বল নিয়ে হালকা টোকা দেন বদলি খেলোয়াড় হিসেবে নামা নিয়মিত অধিনায়ক এলেনা গোলিক। নেপালের গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হলেও বার ঘেঁষে বল মাঠের বাইরে চলে যায়।

দীর্ঘ অপেক্ষার পর ৬৪ মিনিটে ভাঙে ডেডলক। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা ভাসিলিসার ডি বক্সে পাস দেন। এলেনার ডান পায়ের হাঁটুর উপরের অংশে বল লেগে তা জালে জড়ালে রাশিয়ার মেয়েরা এগিয়ে যায়।

৭৪ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর ঢোকা বদলি খেলোয়াড় আনাস্তাসিয়া কারাতায়েভার বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে আবারো গোল করেন এলেনা।

দুই গোল হজমের পরও হাল ছাড়েনি নেপাল। ৮১ মিনিটে টানা তিনটি সেভ করেন দলটির গোলরক্ষক সুজাতা তামাং।

তবে ৮৩ মিনিটে আরেক বদলি খেলোয়াড় পোলিনা ফিলশিনা বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সে ঢুকেই ডান পায়ের কোণাকুণি শটে নিশানাভেদ করেন।

ম্যাচের বাকি সময়ে রাশিয়া বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ৩-০ গোলের জয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।

বিষয়:নেপালরাশিয়ালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…