বিনোদন

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তারা।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় এসেছে সাধারণ সম্পাদক পদে। অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদের শেষ আসনটি নির্ধারিত হয়েছে মাত্র দুই ভোটের ব্যবধানে।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহাত। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহমুদ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিসুল হক রাসেল, পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।

এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা (২৪৭ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু (২২৬ ভোট) এবং দপ্তর সম্পাদক মহিব আল হাসান (২২৬ ভোট)।

এবারের নির্বাচনে সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৌফিক অপু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর ইসলাম লিটনকে মাত্র ১৯ ভোটে পরাজিত করেছেন। লিটন পেয়েছেন ২০৭ ভোট।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

এ পদে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে নবম বা শেষ আসনটি নিয়ে। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম। তার প্রাপ্ত ভোট ১৮৮।

এ ছাড়া মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট।

শুক্রবার দুপুর ১২টা থেকে বাচসাসের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ১টা থেকে জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি আবদুর রহমান-রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেল, অন্যটি কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর প্যানেল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

বিষয়:আবদুর রহমান চলচ্চিত্র বাচসাস রাহাত সাইফুল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…