ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যেই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ‘ভিক্টরি ডে’ উপলক্ষে আগামী ৮ ও ৯ মে দুই দিনের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে রাশিয়া সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতির সময় ইউক্রেন যদি কোনো ধরনের হামলা চালায়, তাহলে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
এমনকি কিয়েভে অবস্থানরত সাধারণ নাগরিক ও বিদেশি দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পাননি।
এদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়েও দুই পক্ষের ভিন্ন দাবি সামনে এসেছে। রাশিয়ার দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের অন্তত ১০টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। তবে ইউক্রেন বলছে, তারা পাল্টা হামলা জোরদার করেছে এবং রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থানে দীর্ঘপাল্লার আক্রমণ চালিয়ে যাচ্ছে।








