গাজীপুর

গাজীপুরে কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরে কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেখানে মজুত থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন যাতে গুদাম থেকে কারখানার মূল উৎপাদনকেন্দ্র বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। তবে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ পণ্য ও মূল্যবান কাঁচামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিষয়:গার্মেন্টসে অগ্নিকাণ্ড ডিবিএল গার্মেন্টস পোশাক কারখানায় আগুন ফায়ার সার্ভিস সুপ্রিম গার্মেন্টস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…