২০২২ সালে প্রথমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলেছিলেন সাবিনা-রূপনারা। আসরসেরা গোলরক্ষক হয়েছিলেন বাংলাদেশের কাণ্ডারী রূপনা চাকমা। পরের আসরেও শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ, আবারও আসরসেরা হয়েছেন রূপনা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অভিব্যক্তি।
ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা চাকমা লিখেছেন, ‘পরপর দুই বছর, একই মাঠ, একই প্রতিপক্ষ, ফলাফল একই, আবারো আমরা চ্যাম্পিয়ন। দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ায় আবারো আমি সেরা গোলকিপার। তবে এই পথ চলাটা কখনোই আমার একার পক্ষে সম্ভব ছিল না।’
‘এই জার্নিটাতে যে আমায় সব থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে মাসুদ আহমেদ উজ্জ্বল, আমার সম্মানিত গোলকিপার কোচ, আমাদের গোলকিপার ইউনিট এবং আমার সমস্ত টিমমেটরা। স্যারের হাতে আমার পরপর দুবার দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হওয়া। তিনি আমাকে উৎসাহ এবং সাহস দিয়েছেন।’
‘তার হাত ধরে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে আমি এখানে পৌঁছেছি। আজকে এই স্বর্ণালী সময়ে আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমি এই ট্রফিটি পেয়েছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন,আমি যেন এভাবেই দেশের মুখ উজ্জ্বল করতে পারি, দেশকে আরো ভালো কিছু উপহার দিতে পারি।’







