জনপদ

‎জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

‎জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

‎জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার মূল ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসককে (ডিসি) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল।
‎
‎শনিবার (৭ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে জেলা ছাত্রদল।
‎
‎জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলামের ফেসবুক আইডিতে পোস্ট করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি। এ ছাড়া অনুষ্ঠানে এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক সেখানে নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জয়পুরহাট জেলা ছাত্রদল।

‎‎বিজ্ঞপ্তিতে অবিলম্বে জয়পুরহাটের জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
‎
‎জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় বিবৃতিটি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম।
‎
‎মুঠোফোনে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ওই সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎উল্লেখ্য, গতকাল শনিবার সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে প্রথমে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে ব্যানারে ছবি যুক্ত করে অনুষ্ঠান শুরু হলেও এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়ায়। এ ঘটনায় জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়:অপসারণের দাবি জয়পুরহাট জেলা ছাত্রদল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…