মেয়েদের এশিয়ান কাপে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। দুবারের সাফজয়ী গোলরক্ষক ও গোলবারের অতন্দ্রপ্রহরী রুপনা চাকমা নেই একাদশে। জায়গা পেয়েছেন আরেক গোলকিপার মিলি আক্তার।
বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাওয়ার পর অনুশীলন ও ঝালিয়ে নেয়ার ম্যাচ খেলার পর দলে কোনধরনের চোট ছিল না। দল থেকে কারও চোটের কথা উল্লেখ করা হয়নি। ঠিক কী কারণে এরপরও সেরা গোলকিপার রুপনা নেই তা জানায়নি টিম ম্যানেজমেন্ট।
প্রতিযোগিতার বর্তমান ও ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে রুখতে বাংলাদেশ বেশ শক্তিশালী ডিফেন্স গড়েছে। ৫ ডিফেন্ডার রাখা হয়েছে একাদশে। শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকুর সাথে রাখা হয়েছে নবীরণ খাতুনকে।
দলে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলবেন শামসুন্নাহার সিনিয়র। মধ্যমাঠ সামলাতে সেরা একাদশে কোচ পিটার বাটলার রেখেছেন ৪ মিডফিল্ডার। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমার সাথে প্রথম ম্যাচে রাখা হয়েছে উমেরা মারমাকে।
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে একাদশে রাখেননি বাংলাদেশের ইংলিশ কোচ।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক: মিলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলা মারমা।
ফরোয়ার্ড: শামসুন্নাহার জুনিয়র।








