প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির জেলা যুবলীগের নেতৃবৃন্দ
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এই মিছিল হয়। যার কিছু ভিডিও সামাজাকি যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলের সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন। এছাড়া নেতাকর্মীরা ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন।
এ ছাড়া মিছিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় প্রত্যাহারের দাবিও জানান তারা।
ঝটিকা মিছিলে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিছিলটি কোথায় এবং কীভাবে হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





