জনপদ

পুরোনো ভিডিও ছড়িয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার গুজব

পুরোনো ভিডিও ছড়িয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার গুজব

প্রতিনিধির পাঠানো ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবরকে গুজব বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও সরেজমিনে ব্যাংক ভবনে আগুনের কোনো ঘটনা পাওয়া যায়নি। অন্য কোনো স্থানের পুরোনো ভিডিও ব্যবহার করে এই অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকটিতে আগুন লাগার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের একটি দল ও সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে ব্যাংক ভবনটি অক্ষত পাওয়া যায় এবং আগুন লাগার কোনো আলামত মেলেনি।

পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, মহিপুর গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার তথ্যটি পুরোপুরি মিথ্যা। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এমন কোনো ঘটনার সত্যতা পাননি। এটি আতঙ্ক সৃষ্টির একটি পরিকল্পিত অপচেষ্টা।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছেন। গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো খবরে আতঙ্কিত না হয়ে তথ্য যাচাই করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

বিষয়:জয়পুরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…