থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটালেন এক যুবক

জয়পুরহাটের কালাই উপজেলায় থানার ভেতরে ঢুকে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালাই থানা কম্পাউন্ডে এ ঘটনা সংঘটিত হয় বলে থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালাই থানা কম্পাউন্ডে দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে বাটাম দিয়ে আঘাত করেন। রকি সরে যাওয়ার চেষ্টা করলে আঘাতটি তার বাঁ চোয়ালে লাগে এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
এ সময় কনস্টেবল মাসুদ রানা এগিয়ে এসে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম তার পিঠে আঘাত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব এগিয়ে এলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে আসলাম কাঠের বাটাম ফেলে থানা কম্পাউন্ড থেকে দৌড়ে পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই আহসান হাবীব, কনস্টেবল মাহমুদুল হাসান রকি ও ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা। তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় কালাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। ঘটনার সময় তিনি মন্ত্রীর সাথে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযুক্ত আসলামকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, আসলাম কালাই উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।





