বাংলাদেশ

জাতীয় কর্মশালায় ৩৬ পৌর কর্মকর্তা অনুপস্থিত, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

জাতীয় কর্মশালায় ৩৬ পৌর কর্মকর্তা অনুপস্থিত, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালায় ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। সরকারি অর্থ ব্যয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দায়িত্ব পালনে অবহেলা এবং নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা উপস্থিত নেই। সরকারি অর্থ ব্যয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাদের অনুপস্থিতি দায়িত্বে অবহেলার শামিল।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শহরের অন্যতম প্রধান কাজ বর্জ্য ব্যবস্থাপনা হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। এসব স্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ নিতে হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবায় হয়রানি ও দুর্নীতির বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া অর্থ অব্যবহৃত রাখলেও সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন নিয়ে অতীতের অনিয়মের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্য অনেক পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সড়ক নির্মাণের পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণে গুরুত্ব দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

কর্মশালায় সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।

এ ছাড়া পিছিয়ে পড়া যুবকদের কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি। সাড়ে তিন লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিষয়:নাগরিক সেবা পৌর কর্মকর্তা প্রতিমন্ত্রী মীর শাহে আলম বরখাস্ত বর্জ্য ব্যবস্থাপনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…