রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা আজ তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
আজ (২২ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর ভদ্রা মোড়ে এসে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের শতভাগ কোটা ও সিন্ডিকেটনির্ভর পদোন্নতির কারণে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা জানান, এই বৈষম্যমূলক ব্যবস্থা অবিলম্বে বাতিল করতে হবে এবং শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। নতুন বাংলাদেশে বৈষম্যমূলক কোটার কোনো স্থান নেই।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
২. কোটার মাধ্যমে কোনো ধরনের পদোন্নতি দেয়া যাবে না। এমনকি নতুন করে সমমান কোনো পদ তৈরি করেও পদোন্নতি প্রদান করা যাবে না।
৩. টেকনিক্যাল ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে সকল যোগ্য প্রার্থী সমানভাবে আবেদন করতে পারেন।
বিক্ষোভে শিক্ষার্থীদের ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগানে কর্মক্ষেত্রে ন্যায্যতার দাবি স্পষ্টভাবে উঠে আসে। তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।







