সৌদি প্রো লিগে আল নাসেরে যাওয়ার পর দেশটির গরম ও প্রশিক্ষণের সময়সূচির সাথে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৩৮ বর্ষী মহাতারকা গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদিতে পাড়ি জমান।
তীব্র গরম প্রসঙ্গে রোনালদো বলছেন, ‘সৌদি আরবে সবচেয়ে বড় যে পার্থক্য পেয়েছি তা হল গরম, এবং পরিবেশ শীতল হওয়ার পর প্রশিক্ষণ। কিন্তু এখন বিষয়টির সাথে অভ্যস্ত হয়ে গেছি। এখানকার সমর্থক আমাকে অনুসরণ করে, তারা অসাধারণ, তারা আমাকে স্বাগতম জানায়। প্রতিটি দেশ এবং তাদের লিগ আলাদা। আমি খুবই গর্বিত যে ইউরোপের তিনটি লিগে খেলেছি এবং শিরোপা জিতেছি।’
সৌদি লিগ সম্পর্কে পর্তুগীজ মহাতারকার ভাষ্য, ‘এটা আমাকে বিস্মিত করেনি, কিন্তু সত্যিই খুশি যে সৌদি প্রো লিগ সারা পৃথিবীর মানুষ দেখে। বিশ্বাস করি লিগ প্রতিনিয়ত উন্নতি করবে এবং ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড়রা খেলতে আসবে।’
বছরে রেকর্ড পারিশ্রমিকে সৌদিতে যোগ দেয়ার পর প্রচণ্ড গরমে ভুগতে থাকেন সিআর সেভেন। কারণ সৌদিতে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকে। রোনালদোর পর ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন এ মাসেই।







