গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পাওয়া পায়ের চোটে দল থেকে ছিটকে গেছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ৩৫ বছর বয়সী স্ট্রাইকার মাঠে ফিরতে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও বেশি পরিশ্রম করছেন, জানাচ্ছেন ফরাসি তারকার ব্যক্তিগত প্রশিক্ষক।
ব্যালন ডি’অর জয়ী বেনজেমা চোটের কারণে এ মৌসুমে কয়েকবার মাঠের বাইরে থেকেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক, মহাতারকা রোনালদোকে ছাড়িয়ে যেতে না পারলেও শারীরিকভাবে রোনালদোকে ছাড়াতে চান তিনি। যে কারণে ফিটনেস নিয়ে আগের চেয়েও বেশি পরিশ্রম করছেন বেনজেমা।
বেনজেমার ব্যক্তিগত প্রশিক্ষক হাভিয়ের আতালায়া মঙ্গলবার ফরাসি রেডিও মার্কাকে বলেছেন, ‘বেনজেমা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তিনি বাড়িতেই আছেন, তবে এমুহূর্তে কিছু করার নেই। অনুশীলনে নিয়মিত জিমে যাচ্ছেন। ফরাসি তারকা মানসিকভাবেও উন্নতি করছেন। বেনজেমা যেভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তার চাপ ক্রিস্টিয়ানো রোনালদোও সহ্য করতে পারেনি।’
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যখন লস ব্লাঙ্কোসে ছিলেন, তখন রোনালদোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন আতালায়া। ৩৮ বছর বয়সী রোনালদো এমন কঠোর অনুশীলন করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবেই এসব বলেছেন তিনি।
বেনজেমা গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ গোল করার পর ২০২২ সালের জন্য ব্যালন ডি’অর জিতেছেন। ২০২২-২৩ মৌসুমে ব্লাঙ্কোসদের হয়ে এপর্যন্ত ১৩ গোল করেছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে গিয়ে এখনো আলো ছড়াতে পারেননি রোনালদো।








