রোনালদোর আল নাসের শিরোপার দৌড় থামাচ্ছে না

Football player in white jersey actively kicking the ball during a match, with opponents and spectators in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের গতরাতে আল ইত্তিহাদের বিপক্ষে বড় জয় পেয়েছে। টেবিলের দুইয়ে থাকা দলের গুরুত্বপূর্ণ জয়ের পর হুঙ্কার ছুঁড়েছেন পর্তুগীজ মহাতারকা, বলেছেন- শিরোপার লড়াইয়ে তার দল থেমে থাকছে না।
৩০ রাউন্ড ম্যাচের মৌসুমে ১৮ ম্যাচ পার করে টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও এক ড্রতে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসের। ফরাসি তারকা করিম বেনজেমার দল আল ইত্তিহাদ আছে টেবিলের ছয়ে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে জয়ের পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ জয়! আমরা থামছি না।’
জেদ্দায় আল ইত্তিহাদকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসের। সিআর সেভেন দুই গোল করে ছুঁড়েছেন এমন হুঙ্কার। পেনাল্টিতে দুই গোল পাওয়ার পর এবছর বিশ্বের সবচেয়ে বেশি গোলের মালিক এখন রোনালদো।
পর্তুগিজ ফরোয়ার্ড ২০২৩ সালে মোট ৫৩ বার বল জালে জড়িয়েছেন। কাইলিয়ান এমবাপে ও হ্যারি কেন ৫২ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে আছেন ৫০ গোলের দেখা পাওয়া আর্লিং হালান্ড।






