ইউরোপ ছেড়ে ভিন্ন ভিন্ন মহাদেশে পাড়ি জমিয়েছেন দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও বিশ্বজয়ী লিওনেল মেসি। দুজন দুদিকে থাকলেও তাদের একসাথে হয়ে মহারণের কথা বলছেন রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড জীবনের সাবেক সতীর্থ ওয়েস ব্রাউন। শেষবারের মতো মহারণ জমিয়ে তোলার কথাও বলেছেন তিনি।
প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ম্যানচেস্টার ছেড়ে সৌদি প্রো লিগের দল আল নাসেরে খেলছেন পর্তুগীজ মহাতারকা। সেখানে এ মৌসুমে শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ।
ইউনাইটেডে সিআর সেভেনের সাবেক সতীর্থ ডিফেন্ডার ব্রাউন বলছেন, ‘রোনালদোকে আমেরিকা যেতে হবে, বিশেষত সেখানে মেসি আছে। রোনালদোকে কয়েক ম্যাচ খেলতে দেখেছি এবং তার খেলা বেশ ভালো। সে গোল করে, যথেষ্ট ফিট আছে এবং ৪০-এ ভালোই স্প্রিন্ট দেয়। নিজের ইচ্ছামত খেলা চালিয়ে যেতে চায় এবং তার ইচ্ছানুযায়ী খেলার জায়গা পছন্দ করার সক্ষমতা রাখে।’
‘সে এখনই বুটজোড়া তুলে রাখছে না এবং রেকর্ড ভাঙতে থাকবে। তার বেশকিছু জায়গায় যাওয়ার আছে এবং আমেরিকা গেলে খুশি হবো। মেসির থেকে তার গোলের সংখ্যা বেশি এবং শেষবার তার মুখোমুখি হলে ভালোই হবে।’






