নিজেদে ইউটিউব চ্যানেলে অতিথি কে হবেন, এমন প্রশ্নে রোনালদো বলেছিলেন, ‘এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন, তাতে ইন্টারনেটে ঝড় উঠবে।’ এরপর আলোচনায় আসে সিআর সেভেনের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম। তবে মেসি নয়, পর্তুগিজ মহাতারকার চ্যানেলে অতিথি হয়ে আসছেন ‘মিস্টারবিস্ট’। তিনিও নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়।
ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। মিস্টার বিস্ট নামে যিনি বেশি পরিচিত। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।
মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসের ফরোয়ার্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে অনুষ্ঠান।
গত আগস্টে ইউটিউব দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইবার বেড়ে চলেছে। চ্যানেল খোলার প্রথম ৯০ মিনিটের মধ্যে সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যায়, এখন যা ৬৮ মিলিয়নের ঘরে। সব প্লাটফর্ম মিলিয়ে ৯০০ মিলিয়নের বেশি অনুসারী আছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।








