ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছরেও দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। বিশ্বের সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন। আর কত সময় পায়ের জাদু ছড়াতে দেখা যাবে তাকে? পর্তুগিজ মহাতারকা জানালেন, ক্যারিয়ারে একদম শেষ পর্যায়ে এসে পড়েছেন।
গত বুধবার রাতে সৌদি প্রো লিগে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আল-নাসের ২-০ গোলে হারায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন আল-আহলিকে। ম্যাচের প্রথম গোলটি করে পেশাদার ক্যারিয়ারে ৯৭০ গোলের মালিক এখন রোনালদো। জানালেন এখনও উপভোগ করছেন ফুটবল।
সঙ্গে রোনালদো বলেছেন, ‘শুধু এই প্রজন্মের জন্যই নয়, বরং আগের এবং পরের প্রজন্মের জন্যও খেলে চলেছি। প্রতিদিন, প্রতি ম্যাচে, প্রতি বছর এটা উপভোগ করি। এমনকি উপভোগ করলেও আমার ক্যারিয়ার শেষের খুব কাছে চলে এসেছি। আর এটাই সত্যি।’
‘ক্যারিয়ার অসাধারণ ছিল এবং এটাকে এভাবেই রাখতে চাই। এখনও এটা উপভোগ করি, গোল করে চলেছি। কিন্তু সর্বোপরি ব্যাপারটা হল জেতা। আর আমরা সত্যিই লিগটা জিততে চাই।’
রোনালদো বর্ণাঢ্য ক্যারিয়ারে সাড়ে নয়শো গোলের বাহিরেও জিতেছেন ৫টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং প্রিমিয়ার লিগ শিরোপা। পর্তুগালের হয়ে জিতেছেন একটি উয়ফে ইউরো এবং দুটি নেশনস লিগ। সব ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্ব দেবেন। ইতিমধ্যে তার ক্লাব আল-নাসের ঘরোয়া লিগ শিরোপা জেতার খুব কাছে চলে এসেছে এ মৌসুমে।








