বিনোদন

রোহিত শেঠির বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫

রোহিত শেঠির বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের তারকা নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলি ছোড়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারকৃতদের ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে আদালত চার দিনের পুলিশ হেফাজতের অনুমতি দেন।

আসামিদের পক্ষে আইনজীবী সংবাদ সংস্থা এএনআইকে জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, আসামিদের কেউই গুলি ছোড়ার ঘটনায় সরাসরি জড়িত নন এবং ঘটনার বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মূল অভিযুক্ত লঙ্কর নামে এক ব্যক্তি ঘটনার মূল পরিকল্পনাকারীর সঙ্গে যোগাযোগে ছিলেন এবং গুলি চালিয়েছে অন্য কেউ। গ্রেপ্তার হওয়া পাঁচজন একে অপরের সঙ্গে সম্পর্কিত নন; সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। তদন্তে সহযোগিতা করতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে রোহিত শেঠির আবাসিক টাওয়ারের বাইরে চার রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) সম্ভাজি কদম জানান, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা পুনের বিভিন্ন এলাকার বাসিন্দা। মুম্বাই পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার পর একাধিক টিম গঠন করে তাদের আটক করা হয়। পরে তাদের মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে এবং বিস্তারিত তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও তথ্য সামনে আসবে বলে জানান তিনি। ডিএনএ ইন্ডিয়া

বিষয়:গ্রেপ্তার নির্মাতা বলিউড বিষ্ণোই রোহিত শেঠি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…