কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহতের ঘটনা ঘটেছে। সোমবার ২৬ ডিসেম্বর সকাল পৌনে ১১ টার দিকে বালুখালী ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬ তে ঘটনাটি ঘটে।
সোমবার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬ এর বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খবর নেয়া হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’







