‘আট ঘণ্টা অনেক বেশি!’ নতুন ‘হ্যারি পটার’ নিয়ে ড্যানিয়েল

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে নামভূমিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। দীর্ঘ এক দশক ধরে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার এই জাদুর জগৎ ফিরছে নতুন রূপে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি অবলম্বনে সিরিজ নির্মাণ করছে এইচবিও। তবে নতুন সিরিজটি দেখবেন কি না, তা নিয়েই এখনো নিশ্চিত নন ড্যানিয়েল।
সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে নতুন ‘হ্যারি পটার’ সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানান অভিনেতা। তাকে প্রশ্ন করা হয়েছিল, নতুন সিরিজটি দেখার পরিকল্পনা আছে কি না। উত্তরে ড্যানিয়েল বলেন, ‘সত্যি বলতে, জানি না দেখব কি না।’
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, হ্যারি পটার চরিত্রের সঙ্গে ইতিমধ্যে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। তা ছাড়া টেলিভিশন দেখার অভ্যাসও খুব বেশি নেই তার। ড্যানিয়েলের কথায়, ‘আট ঘণ্টা ধরে কোনো কিছু দেখা অনেক বড় সময়ের ব্যাপার।’
এমনকি ‘ব্রেকিং ব্যাড’ ও ‘ম্যাড মেন’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজও এখনো দেখা হয়নি তার। ফলে নতুন সিরিজটি নিয়ে দর্শকদের মতো তার মধ্যেও বিশেষ কোনো আগ্রহ বা পরিকল্পনা তৈরি হয়নি।
এদিকে নতুন সিরিজে হ্যারি পটারের চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন। তবে নতুন অভিনেতাকে কোনো পরামর্শ দিতে চান না ড্যানিয়েল। তার মতে, ডমিনিকের নিজের মতো করে চরিত্রটি গড়ে তোলার সুযোগ থাকা উচিত।
ড্যানিয়েল বলেন, ডমিনিককে পরামর্শ না দেওয়ার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। নতুন অভিনেতার নিজের অভিজ্ঞতা থেকেই চরিত্রটি আবিষ্কার করা উচিত। তার দেওয়া কোনো পরামর্শ যেন পরবর্তী সময়ে ডমিনিকের সাক্ষাৎকারে অপ্রয়োজনীয় প্রসঙ্গ হয়ে না দাঁড়ায়, সেটিও চান না তিনি।
নতুন হ্যারির প্রতি শুভকামনা জানিয়ে ড্যানিয়েল বলেন, তার বিশ্বাস ডমিনিক দারুণ অভিনয় করবে। একদিন তার সঙ্গে দেখা করার অপেক্ষায়ও রয়েছেন তিনি। এর আগে ডমিনিককে একটি চিঠি লিখে শুভকামনা জানিয়েছিলেন অভিনেতা। সেখানে নিজের অভিজ্ঞতার চেয়েও নতুন অভিনেতার অভিজ্ঞতা ভালো হোক, সেই প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
জে কে রাউলিংয়ের জনপ্রিয় বই অবলম্বনে নির্মিত হচ্ছে এইচবিওর নতুন ‘হ্যারি পটার’ সিরিজ। প্রথম মৌসুমে থাকছে আটটি পর্ব। এর কাহিনি তৈরি হয়েছে সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ অবলম্বনে।
নতুন সিরিজে হ্যারি পটারের চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলির চরিত্রে অ্যালিস্টার স্টাউট অভিনয় করছেন। এ ছাড়া অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগলের চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার এবং রুবিউস হ্যাগ্রিডের চরিত্রে নিক ফ্রস্টকে দেখা যাবে।
পুরোনো চলচ্চিত্র সিরিজে ড্যানিয়েল র্যাডক্লিফের অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এবার নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি এই সিরিজ হ্যারি পটারের জাদুর জগৎকে কতটা নতুনভাবে তুলে ধরতে পারে, সেটিই দেখার অপেক্ষা। হিন্দুস্তান টাইমস






