বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন।

সোমবার দুপুরে কালো রঙের একটি গাড়িতে সচিবালয়ে আসেন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। পরে বৈঠকে যোগ দেন আকরাম হুসাইন।

দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই বৈঠক হচ্ছে।

এর আগে যুক্তরাজ্য সফর শেষে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে প্রধানমন্ত্রী কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় তার পরিকল্পনা কী, তা জানতে চাইবে দলটি।

এদিকে জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা।

বিষয়:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক রাজনৈতিক পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…