ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজে চতুর্থটিতে নেমেছে ভারত। বুধবার স্বাগতিকরা টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমদিনে ডানপায়ে চোট পেয়েছেন সফরকারী উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। চোটে ম্যাচে কিপিং করতে পারবেন না তিনি, ব্যাটিংয়ে ৩৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েছেন পান্ট। লর্ডস টেস্টেও হাতে চোট পেয়েছিলেন তিনি।
প্রথমদিনে দ্বিতীয় সেশনের খেলায় ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে পান্টের ব্যাটের ভেতরের কানায় বল লেগেছিল। উইকেট না হারালেও ডানপায়ে গুরুতর আঘাত পান সেসময়। ৬৮তম ওভারে মাঠ ছেড়ে যান ২৭ বর্ষী তারকা। আগামী সপ্তাহে ওভালে শেষ টেস্টে খেলা নিয়েও শঙ্কা জেগেছে, এই টেস্টেও ব্যাট করা অনিশ্চিত, দলের মেডিকেল টিম তার চিকিৎসা চালাচ্ছে।
পান্টের ছয় থেকে আট সপ্তাহ বিশ্রাম লাগবে, বলেছেন চিকিৎসকরা। হাড়ে আঘাত পাওয়ায় মাঠে প্রাথমিক চিকিৎসার পরপরই তাকে ম্যানচেস্টারে দলের হোটেলে স্থানান্তর করা হয়। টিম ম্যানেজমেন্ট অবশ্য চোটের উন্নতি বিবেচনায় রেখে দরকারে পান্টকে ব্যাটিংয়ে পাঠাতে পারে বলে খবর।
৪৮ বলে ৩৭ রানের ইনিংসে পান্ট বেশকিছু ঝুঁকিপূর্ণ শট খেলেছিলেন। অপরপ্রান্তের ব্যাটার সাই সুদর্শন বলেছেন, ‘অবশ্যই রিশভ তখন প্রচণ্ড ব্যথা পেয়েছিল।’
তিন পরিবর্তন নিয়ে চতুর্থ টেস্টে নেমেছে ভারত। প্রথমদিনে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে শুভমন গিলের দল।







