মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেক অন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগের জবাবে কানাডার অন্টারিও প্রদেশের উপকূলে বড় একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘লেক অন্টারিও, বর্তমান এবং সব সময়’।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড শনিবার নতুন সাইনবোর্ডটি উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক আগে থেকেই এই হ্রদের নাম লেক অন্টারিও ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প চলে যাওয়ার অনেক পরও এর নাম লেক অন্টারিওই থাকবে।
বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার পর কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে কানাডার ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে। এর জবাবে আগামী মাসে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।
এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাম্প একটি নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নেন। আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোকে এই নাম অনুসরণ করার বাধ্যবাধকতা নেই। কানাডার কর্মকর্তারাও ট্রাম্পের উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেকটি নিয়ে কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করেন। এর একটি ভিডিওতে তাকে লেক অন্টারিওর সাইনবোর্ড ফেলে দিয়ে ‘ লেক আমেরিকায় স্বাগতম’ লেখা নতুন সাইনবোর্ড বসাতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের আদলে চুল থাকা কয়েকটি কানাডিয়ান হাঁসকে রাইফেল হাতে সদ্য নামকরণ করা লেক আমেরিকার তীরে টহল দিতে দেখা যায়।
ফোর্ড বলেন, ট্রাম্প লেকটির নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন কারণ তিনি ‘অন্টারিও ও কানাডার নিজেদের অধিকারের পক্ষে দাঁড়ানো পছন্দ করেন না’।
নতুন সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ফোর্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কেউ যাতে ভুলে না যান, সে জন্য আমরা এই সাইনবোর্ড স্থাপন করেছি। এটি এখন এবং চিরকাল লেক অন্টারিও।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এর আগে একই অবস্থান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো কিছুকে তার সঠিক নামেই ডাকা উচিত এবং এই হ্রদের নাম লেক অন্টারিও, আজও এবং চিরকাল।
নামের পেছনে আদিবাসী ইতিহাস
লেক অন্টারিও গ্রেট লেকসের সবচেয়ে ছোট হ্রদ। এর এক পাশে কানাডার অন্টারিও প্রদেশ এবং অন্য পাশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য।
গ্রেট লেকসের চারটির নাম, অন্টারিও, হুরন, মিশিগান ও এরি, আদিবাসীদের ব্যবহৃত শব্দ থেকে এসেছে। অন্যদিকে লেক সুপিরিয়রের নামকরণ করা হয়েছে ফরাসি একটি শব্দের ইংরেজি রূপ থেকে।
ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৩০ দিনের মধ্যে দেশের সরকারি ভৌগোলিক নামের তালিকা ‘ জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সার্ভিস’-এ লেকটির নাম পরিবর্তনের বিষয়টি হালনাগাদ করতে বলা হয়েছে।
এর আগে মেক্সিকো উপসাগরের নাম নিয়েও বিতর্ক
ট্রাম্প ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর একই ধরনের একটি নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন।
মেক্সিকো ওই নাম পরিবর্তন প্রত্যাখ্যান করে বলেছে, একটি দেশ এককভাবে আন্তর্জাতিকভাবে ভাগাভাগি করা জলভাগের নাম পরিবর্তন করতে পারে না।
এ নিয়ে মেক্সিকো ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের মধ্যেও আইনি বিরোধ তৈরি হয়। গুগল তাদের ম্যাপস অ্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘গালফ অব আমেরিকা’ এবং মেক্সিকোর ব্যবহারকারীদের জন্য ‘গালফ অব মেক্সিকো’ নাম দেখায়। অন্য দেশের ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘গালফ অব মেক্সিকো (গালফ অব আমেরিকা)’ নামটি প্রদর্শিত হয়।










