বাংলাদেশ

‘রেমিট্যান্স শাটডাউনের ডাকের মধ্যেই ৫ দিনে এল ৭ হাজার ৭৭৬ কোটি টাকা’

‘রেমিট্যান্স শাটডাউনের ডাকের মধ্যেই ৫ দিনে এল ৭ হাজার ৭৭৬ কোটি টাকা’

দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের ডাক দেওয়া হলেও গত পাঁচ দিনে দেশে ৭ হাজার ৭৭৬ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কৌশল নির্ধারণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মীর শাহে আলম বলেন, একজন বিরোধী দলীয় নেতা রেমিট্যান্স শাটডাউনের ডাক দিয়েছেন। কিন্তু প্রবাসীরা দেশের পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপট বোঝেন। তাই রেমিট্যান্স বন্ধ করার মতো পরিস্থিতি দেশে তৈরি হয়নি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময়, ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের পতনের সময় প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ রেখেছিলেন।

সাত মাসে রিজার্ভ বেড়েছে ১১ বিলিয়ন ডলার
প্রতিমন্ত্রী দাবি করেন, গত সাত মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মোট ঋণের চাপ ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমেছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুই বছরে রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারে ধরে রেখেছিল। এরপর গত সাত মাসে নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

জাতীয় সংসদ ও রাজপথে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, সংসদে বিরোধী দলের নেতারা দাবি করেন, বিএনপি উত্তরাধিকার হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট পেয়েছে। অথচ রাজপথে তাঁরা বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে আন্দোলন করছেন। তাঁর মতে, এ দুই অবস্থানের মধ্যে দ্বিচারিতা রয়েছে।

জাতিসংঘের অধিবেশনে সরকারের সফলতা আড়াল করতে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে ভাঙচুর চালিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির ওপর গুরুত্ব
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, দেশে বর্তমানে সৌরশক্তি থেকে ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের মতো দেশ ৩২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, বাসাবাড়িতে উৎপাদিত উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে। এ জন্য সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:৩৭ বিলিয়ন ডলার প্রতিমন্ত্রী মীর শাহে আলম রিজার্ভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…